কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ট্রাম্পের ‘চমৎকার সমঝোতা’র দাবি ওড়াল ইরান! – এবেলা

কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ট্রাম্পের ‘চমৎকার সমঝোতা’র দাবি ওড়াল ইরান! – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সঙ্গে মেগা চুক্তি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে কার্যত নস্যাৎ করে সাফ জানিয়ে দিল ইরান। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে দিয়েছে, আলোচনার ক্ষেত্রে নিজেদের ‘রেড লাইন’ বা লক্ষ্মণরেখা নিয়ে কোনও অবস্থাতেই আপস করা হবে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইউরোপের কোনও দেশে ইরানের সঙ্গে এক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ট্রাম্পের দাবি ছিল, এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তির শর্ত মেনে নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিই এবং তাঁদের মধ্যে একটি ‘চমৎকার সমঝোতা’ হতে চলেছে। চুক্তি অনুযায়ী, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করবে এবং হরমুজ় প্রণালী খুলে দেবে, যার বিনিময়ে ইরানের বন্দরগুলির ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হবে। এই চুক্তির আবহেই বৃহস্পতিবার ইরানে নতুন করে মার্কিন হামলার পরিকল্পনা বাতিল করেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এই দাবিকে নিছক ‘অনুমান’ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি স্পষ্ট জানান, ওয়াশিংটনের সঙ্গে কোনও চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি তেহরান। কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় এখনও আলোচনা চলছে।

ইরানের সংবাদ মাধ্যম আইআরএনএ (IRNA)-কে বাঘাই বলেন, “ইরান প্রথম থেকেই নিজেদের অবস্থানে স্পষ্ট। কিন্তু আমেরিকা বারে বারে নিজেদের বয়ান বদল করছে।” মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভান্সের উপস্থিতিতে ইউরোপে এই চুক্তি সই হওয়ার যে জল্পনা ট্রাম্প তৈরি করেছিলেন, ইরানের এই অনড় অবস্থানের পর তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *