কোরিয়ান তরুণীর বুক-গোপনাঙ্গ স্পর্শ, শ্লীলতাহানির অভিযোগ বেঙ্গালুরু এয়ারপোর্ট কর্মীর বিরুদ্ধে – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের বিমানবন্দরে ফের এক বিদেশি পর্যটকের নিরাপত্তার অভাব প্রকট হয়ে উঠল। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোরিয়ান তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে এক বিমানবন্দর কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাগ তল্লাশির অছিলায় ওই তরুণীর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে।
ব্যাগ পরীক্ষার নামে নক্কারজনক আচরণ
ঘটনাটি ঘটেছে গত ১৯ জানুয়ারি। অভিযোগকারিনী কিম সাং কুয়াং জানিয়েছেন, তাঁর ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর আফান আহমেদ নামের এক কর্মী তাঁর কাছে আসেন। ওই ব্যক্তি নিজেকে নিরাপত্তা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত দাবি করে তরুণীকে জানান যে, তাঁর ব্যাগ পুনরায় পরীক্ষা করার প্রয়োজন আছে। এরপর ওই তরুণীকে নির্জন এক ওয়াশরুমের কাছে নিয়ে যাওয়া হয়।
শ্লীলতাহানির ভয়াবহ অভিজ্ঞতা
তরুণীর অভিযোগ অনুযায়ী, সেখানে ব্যাগ চেক করার নাম করে অভিযুক্ত আফান তাঁর বুক ও গোপনাঙ্গে বারবার স্পর্শ করেন। এমনকি তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টাও করা হয়। আতঙ্কিত তরুণী বাধা দিলে এবং প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ‘ওকে, ধন্যবাদ’ বলে ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশি পদক্ষেপ ও তদন্ত
এই ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়লেও দমে যাননি ওই তরুণী। তিনি তৎক্ষণাৎ বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা শাখায় বিষয়টি জানান। অভিযোগ পাওয়া মাত্রই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আফান আহমেদকে চিহ্নিত করে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
“ভারতকে ভালোবেসে যাব”
তদন্ত চলাকালীন সংবাদমাধ্যমকে ওই কোরিয়ান তরুণী জানান, এই অপ্রীতিকর অভিজ্ঞতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হওয়া উচিত যাতে অন্য কোনও মহিলার সঙ্গে এমনটা না ঘটে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এক ব্যক্তির কুকর্মের জন্য ভারতের প্রতি তাঁর ভালোবাসা বা দেশ সম্পর্কে তাঁর ইতিবাচক ধারণা বদলে যাবে না।
দেশে বারবার বিদেশি পর্যটকদের হেনস্তার ঘটনায় পর্যটন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিমানবন্দরের মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন ঘটনা পরিষেবার গুণমান এবং নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

