ক্যানিং পূর্বে শওকত মোল্লাকে প্রার্থী করার দাবিতে তুঙ্গে বিক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিনের বিধায়ক শওকত মোল্লাকে এবার ক্যানিং পূর্বের পরিবর্তে ভাঙড় কেন্দ্রে প্রার্থী করায় ফুঁসছেন তাঁর অনুগামীরা। মঙ্গলবার রাত থেকে জীবনতলা এলাকায় বিধায়কের কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো দলীয় কর্মী-সমর্থক।
বিক্ষোভকারীদের দাবি, ক্যানিং পূর্বের ‘ভূমিপুত্র’ শওকত মোল্লাকেই পুনরায় এই কেন্দ্রে প্রার্থী করতে হবে। এই আসনে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামকে মনোনীত করার সিদ্ধান্তকে ‘বহিরাগত’ তকমা দিয়ে প্রত্যাখ্যান করেছেন স্থানীয় যুব তৃণমূল কর্মীরা। বুধবার সকাল থেকেও জীবনতলা বাজারে স্লোগান ও অবস্থান বিক্ষোভ জারি থাকে, যা নির্বাচনি আবহে শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়েছে।
পরিস্থিতি প্রসঙ্গে শওকত মোল্লা জানিয়েছেন, দলের সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত এবং তিনি নির্দেশ মেনেই কাজ করবেন। অন্যদিকে, ক্যানিং পূর্বের নতুন প্রার্থী বাহারুল ইসলাম বলেন যে শওকত মোল্লার সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই এবং দলের সিদ্ধান্তই শেষ কথা। উল্লেখ্য, ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন শওকত মোল্লা।

