ক্যাফে মালিকের রহস্যমৃত্যুতে নিখোঁজ মডেল, নাম জড়াল গ্যাংস্টার যোগের – এবেলা

এবেলা ডেস্কঃ
লখনউয়ের ক্যাফে মালিক শিবা শর্মার রহস্যজনক মৃত্যুর পর থেকে তাঁর লিভ ইন সঙ্গী তথা মডেল শ্রদ্ধা দুবে নিখোঁজ রয়েছেন। মৃত শিবার মায়ের দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে মডেল শ্রদ্ধা, তাঁর বোন রশ্মি এবং গাড়িচালক আদিলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। লখনউ পুলিশের তরফে পলাতক শ্রদ্ধার সন্ধান দিলে ২৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত শিবা শর্মা গত ৯ অক্টোবর একটি ফ্ল্যাটের চারতলা থেকে পড়ে মারা যান। তবে মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন সামগ্রী ঘিরে রহস্য দানা বেঁধেছে। শিবার পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই ঘটনার পেছনে রয়েছে তাঁর লিভ ইন সঙ্গী শ্রদ্ধা।
তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই মামলার মোড় ঘুরে গিয়েছে অন্য দিকে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুধু মডেলিং নয়, অপরাধ জগতের একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এমনকি কুখ্যাত মুখতার আনসারি গ্যাংয়ের সঙ্গেও তাঁর যোগ রয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের অনুমান, এই গ্যাংয়ের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও বিত্তশালীদের ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা তুলতেন শ্রদ্ধা। তাঁর মোবাইলের শেষ অবস্থান উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত সংলগ্ন বহরাইচ এলাকায় পাওয়া যাওয়ায় তিনি নেপালে পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। পলাতক তিন জনের খোঁজ পেতে পুলিশ মোট ছটি বিশেষ দল গঠন করে চিরুনি তল্লাশি চালাচ্ছে।
