ক্যামাক স্ট্রিটে হঠাৎ পুলিশ-দমকলের যৌথ হানা! অভিষেকের অফিসে কী ঘটল সোমবার? – এবেলা

ক্যামাক স্ট্রিটে হঠাৎ পুলিশ-দমকলের যৌথ হানা! অভিষেকের অফিসে কী ঘটল সোমবার? – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যৌথ পরিদর্শন চালাল কলকাতা পুলিশ এবং দমকলের একটি দল। দমকল সূত্রে জানানো হয়েছে, এটি একটি রুটিন পরিদর্শন। মূলত ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, পাম্পের জলের চাপ এবং অনুমোদিত বিল্ডিং প্ল্যানের সঙ্গে বাস্তব পরিকাঠামোর মিল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। প্রাথমিক পরিদর্শনে অফিসের বেসমেন্ট ঠিকঠাক মনে হলেও আরও কয়েক দফা পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই অফিসে কলকাতা পুরসভা ও পুলিশের একটি দল বিলবোর্ড সরাতে গেলে তৃণমূল কর্মী ও ভবনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেই ঘটনায় সরকারি কাজে বাধা ও শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে তিনটি এফআইআর দায়ের হয়, যার দুটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এই ঘটনায় আগামী ১ সেপ্টেম্বর শেক্সপিয়র সরণি থানায় হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়েছে এবং সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও তলব করা হয়েছে (যিনি সাত দিনের সময় চেয়েছেন)।

পুরসভা ও পুলিশের এই ধরনের পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ক্ষমতার অপব্যবহার বলে তোপ দেগেছেন অভিষেক। এফআইআর-এর কপি ওয়েবসাইটে না থাকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন, যদিও পুলিশ দাবি করেছে নির্ধারিত সময়েই তা আপলোড করা হয়েছে। সাম্প্রতিক এই এফআইআর ও পুলিশি সমনের টানাপোড়েনের মধ্যেই সোমবারের যৌথ পরিদর্শন ক্যামাক স্ট্রিটকে ঘিরে রাজনৈতিক বিতর্কের পারদ আরও বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *