ক্রুয়ের সঙ্গে চরম দুর্ব্যবহারের অভিযোগ, ২ যাত্রীকে নামিয়ে দিল এয়ারলাইন্স – এবেলা
এবেলা ডেস্কঃ
আকাশপথে সফরের সময় কেবিন ক্রু বা বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা যেন থামছেই না। এবার আকাশা এয়ারের (Akasa Air) বিমানে ক্রু সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও অভব্য আচরণের অভিযোগ উঠল দুই যাত্রীর বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিরাপত্তার খাতিরে ওই দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই অনভিপ্রেত ঘটনার জেরে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা দেরিতে উড়ান শুরু করে বিমানটি।
ঝামেলার মূলে ওভারহেড লাগেজ
ঘটনাটি ঘটেছে গোয়া থেকে দিল্লিগামী আকাশা এয়ারের QP1358 ফ্লাইটে। অভিযুক্ত দুই যাত্রীর নাম অনুপ ভার্গব এবং চন্দন মিশ্র। প্রত্যক্ষদর্শী ও বিমানসংস্থা সূত্রে জানা গিয়েছে, বিমানে ওঠার পর যাত্রীদের ব্যাগ বা ওভারহেড লাগেজ গুছিয়ে রাখতে সাহায্য করছিলেন কেবিন ক্রুরা। সেই সময় অনুপ ও চন্দন তাঁদের ব্যাগ স্পর্শ করতে নিষেধ করেন। ক্রু সদস্যরা নিয়মমাফিক তাঁদের সাহায্য করতে চাইলে হঠাৎই মেজাজ হারান অনুপ ভার্গব।
চরম হেনস্তা ও হুমকির অভিযোগ
অভিযোগ উঠেছে, অনুপ ভার্গব এক মহিলা ক্রু সদস্যকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন, “তুমি এখানে গুন্ডার মতো আচরণ করছো? আমার ব্যাগ স্পর্শ করার সাহস হয় কী করে? দাড়াও, তোমার ব্যবস্থা আমি করছি!” শুধু মুখে গালিগালাজই নয়, এক পর্যায়ে তিনি ওই ক্রু সদস্যকে শারীরিক ভাবে ধাক্কা দেন বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিমানকর্মীরা বিনীতভাবে ক্ষমা চাইলেও ওই দুই যাত্রী শান্ত হননি, বরং তাঁদের আক্রমণাত্মক আচরণ আরও বাড়তে থাকে।
৯০ মিনিট থমকে রইল বিমান
বিমানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পাইলট ও কর্তৃপক্ষ দ্রুত ওই দুই যাত্রীকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে বিমান থেকে নামতে বলা হলে অনুপ ভার্গব ফের জেদ শুরু করেন এবং গেটে দাঁড়িয়ে বাধা সৃষ্টি করেন। তাঁর এই অভব্যতায় অতিষ্ঠ হয়ে বিমানের অন্য যাত্রীরাও প্রতিবাদে ফেটে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে (যার সত্যতা যাচাই করা হয়নি) দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিমানের দরজায় দাঁড়িয়ে বিতণ্ডা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত তাঁদের বিমান থেকে নামিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এই গোটা বিশৃঙ্খলার জেরে বিমানটি ছাড়তে ৯০ মিনিটেরও বেশি দেরি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন বাকি যাত্রীরা।

