লেটেস্ট নিউজ

‘ক্ষমতা কেড়ে নিলেও মানুষের শক্তি আছে সাথে’, রানিগঞ্জের সভা থেকে বিজেপি ও কমিশনকে চরম হুঁশিয়ারি মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনের মুখেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি! পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে ‘বিজেপি পরিচালিত ভ্যানিশ কমিশন’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে অভিজ্ঞ আধিকারিকদের সরিয়ে দিয়ে রাজ্যে অশান্তি বাধানোর ছক কষছে গেরুয়া শিবির। প্রশাসনিক ক্ষমতা খর্ব করা হলেও জনগণের ওপর ভরসা রেখে কেন্দ্রের এজেন্সিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

এদিন রানিগঞ্জের দীর্ঘদিনের ধস সমস্যা সমাধানে বড়সড় মানবিক প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৭০০ কোটি টাকা ব্যয়ে কয়েক হাজার ফ্ল্যাট তৈরি করা হয়েছে এবং বিপজ্জনক এলাকা থেকে সরে আসা পরিবারগুলোকে রাজ্য সরকার সবরকম আর্থিক সাহায্য দেবে। এনআরসি ইস্যু থেকে শুরু করে বিচারকদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া— প্রতিটি বিষয়ে সুর চড়িয়ে তিনি সাফ জানিয়ে দেন যে বাংলায় নতুন করে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার প্রশ্নই ওঠে না।

উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে লক্ষ্মীর ভাণ্ডার কোনোভাবেই বন্ধ হবে না। কেন্দ্র টাকা আটকে রাখলেও রাজ্য নিজস্ব তহবিল থেকে বাড়ি ও রাস্তা তৈরির কাজ চালিয়ে যাবে। দেউচা-পাঁচামি ও ইন্ডাস্ট্রিয়াল করিডোরে লক্ষাধিক কর্মসংস্থানের আশ্বাস দেওয়ার পাশাপাশি ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় কর্মীদের ‘মাতঙ্গিনী হাজরার মতো’ প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *