খামেনেই নিকেশে খতম জমানার দাপট! ইরানের রাজসিংহাসনে বসছেন নির্বাসিত যুবরাজ রেজা পহলভি? – এবেলা
এবেলা ডেস্কঃ
তেহরান: ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর খবর আসতেই তোলপাড় বিশ্ব রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, খামেনেইসহ শীর্ষস্তরের ৪৮ জন নেতা খতম হয়েছেন ‘অপারেশন সিংহগর্জন’-এ। এই ডামাডোলের মধ্যেই এবার দেশের দায়িত্ব নিতে প্রস্তুত বলে ঘোষণা করলেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পহলভি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজা পহলভি স্পষ্ট জানিয়েছেন, খামেনেই জমানার অবসানের পর তিনি নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। তাঁর দাবি, লক্ষ লক্ষ সাধারণ ইরানি এবং সেনাবাহিনীর একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই এই পরিবর্তনের অপেক্ষায় ছিল। পহলভি বলেন, “নতুন ইরানের প্রথম ১০০ দিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মূল লক্ষ্য হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, যাতে ইরানিরা তাঁদের নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে পারেন।”
উল্লেখ্য, অভিযান চলাকালীনই ইরানি সেনার প্রতি বিশেষ বার্তা দিয়েছিলেন যুবরাজ। তিনি তাঁদের আহ্বান জানিয়েছিলেন মৌলবাদী শাসকদের পরিবর্তে সাধারণ মানুষকে রক্ষা করতে। খামেনেইর পতনকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে বর্ণনা করে রেজা পহলভি এখন ইরানের মসনদে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।

