খারাপ আবহাওয়ায় নবগ্রামে নামতে পারল না মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞায় জরুরি অবতরণ সেরে সড়কপথে জনসভায় মমতা

মুর্শিদাবাদের নবগ্রামে নির্বাচনী জনসভা ঘিরে তৈরি হল চরম উত্তেজনা। বুধবার প্রবল ঝড়-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে নির্ধারিত গন্তব্যে নামতে পারল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। আকাশ কালো করে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় দৃশ্যমানতা তলানিতে ঠেকে। ফলে ঝুঁকি না নিয়ে মাঝ আকাশ থেকেই কপ্টারটি ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হন পাইলট। শেষ পর্যন্ত পার্শ্ববর্তী বড়ঞায় নিরাপদ স্থানে জরুরি অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর কপ্টারকে।
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আকাশপথে যাতায়াতে বিঘ্ন ঘটলেও দমে যাননি তৃণমূল নেত্রী। সময় নষ্ট না করে বড়ঞা থেকেই বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কপথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জনসভার সময়সূচিতে কিছুটা রদবদল হলেও দলীয় কর্মী-সমর্থকদের নিরাশ না করতে লড়াকু মেজাজে গাড়িতে চেপেই গন্তব্যের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। কপ্টার বিভ্রাটের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় প্রশাসন ও পুলিশি তৎপরতা তুঙ্গে ওঠে।
মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তার কথা মাথায় রেখে সড়কপথে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার প্রতিকূল আবহাওয়ার কবলে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারকে। বারবার এই ধরনের ঘটনায় প্রশাসনিক স্তরে উদ্বেগ বাড়ছে। তবে এদিনের প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে সড়কপথে তাঁর এই যাত্রা তৃণমূল শিবিরে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। দ্রুত জনসভায় পৌঁছে কর্মীদের বার্তা দেওয়াই এখন নেত্রীর মূল লক্ষ্য।
