গর্ভবতী মায়ের রক্তে উচ্চ শর্করা কি সন্তানের মস্তিষ্কের বড় ক্ষতি করছে – এবেলা
এবেলা ডেস্কঃ
গর্ভাবস্থায় মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে সন্তানের এপিলেপসি বা খিঁচুনির ঝুঁকি প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক গবেষণায় ২৩ লক্ষ সদ্যোজাতর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, টাইপ-১ বা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের গঠনে নেতিবাচক প্রভাব পড়ে।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত শর্করা প্লাসেন্টা পেরিয়ে ভ্রূণের শরীরে প্রবেশ করে প্রদাহ সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে স্নায়বিক সমস্যার কারণ হয়। এই ঝুঁকি এড়াতে গর্ভধারণের আগে থেকেই শর্করা নিয়ন্ত্রণ, নিয়মিত স্ক্রিনিং এবং সঠিক ডায়েট মেনে চলা জরুরি।

