গাইঘাটায় ভোটের মুখে নাম বাদ যেতেই রণক্ষেত্র বাংলা, টায়ার জ্বালিয়ে হাসনাবাদ রোড অবরোধ – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকা থেকে হঠাতই গায়েব হাজার হাজার নাম! শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরই উত্তাল হয়ে উঠেছে রাজ্যের একাধিক প্রান্ত। বসিরহাটের মাখালগাছায় মাত্র দুটি বুথ থেকেই প্রায় ৬৫০ জনের নাম বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। হাবাসপুর ব্রিজের সামনে টায়ার জ্বালিয়ে চলে দীর্ঘক্ষণ পথ অবরোধ, যার জেরে স্তব্ধ হয়ে যায় হাসনাবাদ রোড। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী ও এসডিপিও-কে ময়দানে নামতে হয়।
সবচেয়ে বেশি শোরগোল পড়েছে মতুয়া অধ্যুষিত গাইঘাটার চাঁদপাড়ায়। সেখানে একটি বুথেই ১৮৩ জন মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আশ্বাসের পরও কেন এই গণ-বাদ, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন উদ্বাস্তুরা। অন্যদিকে, কলকাতার ধর্মতলায় ভোটাধিকার রক্ষা মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। পুলিশি বাধা ও ধস্তাধস্তিতে ডোরিনা ক্রসিং রণক্ষেত্রের চেহারা নেয়, আহত হন এক পুলিশ আধিকারিক। বর্তমানে হাসনাবাদ থেকে ধর্মতলা, সর্বত্রই নাম বাদ যাওয়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।
