গাছ হাতে পুলিশকে পেটাচ্ছেন ৬০ বছরের বৃদ্ধ! বাসন্তীতে আইসি বদলাতেই জালে মূল পান্ডা জাকির-সহ ৩ – এবেলা
এবেলা ডেস্কঃ
বাসন্তীতে পুলিশ পেটানোর সেই শিউরে ওঠা ভাইরাল ভিডিওর মূল অভিযুক্ত অবশেষে শ্রীঘরে। নতুন আইসি প্রবীর ঘোষ দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেলেন। গত রাতে বিশেষ অভিযানে পুলিশের জালে ধরা পড়েছে ৬০ বছরের বৃদ্ধ জাকির হোসেন মোল্লা, আরাফ মল্লিক এবং আবু বকর আলি গাজী।
গত বৃহস্পতিবার বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বাসন্তী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে উন্মত্ত জনতার হাতে নৃশংসভাবে আক্রান্ত হন এসআই সৌরভ গুহ-সহ ৭ জন পুলিশকর্মী। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে।
কর্তব্যে গাফিলতির অভিযোগে নির্বাচন কমিশন তৎকালীন আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করার পরেই অ্যাকশনে নামে প্রশাসন। নতুন আইসি প্রবীর ঘোষের নেতৃত্বে এই গ্রেফতারি স্পষ্ট করে দিল যে, সরকারি কর্মীদের ওপর হামলা বা আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় কোনও আপস করা হবে না। আপাতত এলাকায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে।

