‘গাছই এখন আমার ঘর!’ দাম্পত্য কলহে গাছের মগডালে যুবক, ডুয়ার্সে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ
September 16, 20261:02 pm
সংসারের নিত্যদিনের ঝগড়া ও স্ত্রীর সঙ্গে বিবাদ। আর তার জেরে রাগ-অভিমানের বশে সোজা গাছের মগডালে গিয়ে চড়লেন এক যুবক! চিৎকার করে জানিয়ে দিলেন, “আর বাড়ি ফিরব না, গাছই এখন আমার স্থায়ী ঠিকানা!” এমনই এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকল ডুয়ার্সের বানারহাট চা-বাগান কলোনি এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বানারহাট চা-বাগানের কবরস্থান এলাকার বাসিন্দা এহেমদ আনসারি পারিবারিক অশান্তির জেরে চরম সিদ্ধান্ত নেন। স্ত্রীর সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং চা-বাগানের একটি উঁচু শেড ট্রির (Shade tree) একদম মগডালে উঠে বসেন।
বাগানের চৌকিদার ও স্থানীয় বাসিন্দারা তাঁকে অত উঁচুতে দেখে নেমে আসার অনুরোধ করলে তিনি কান্নায় ভেঙে পড়েন। সাফ জানিয়ে দেন, প্রতিদিনের অশান্তিতে তিনি অতিষ্ঠ, তাই আর কোনোভাবেই ঘরে ফিরবেন না। জোর করে নামানোর চেষ্টা করলে গাছ থেকে ঝাঁপ দেওয়ার হুমকিও দেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাঁকে বুঝাতে থাকেন। তবে সবচেয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় যখন ওই যুবকের ছোট্ট ছেলে বাবাকে নামিয়ে আনার জন্য আকুল কান্নায় ভেঙে পড়ে। সন্তানের এই কান্না দেখে অবশেষে যুবকের অভিমানের বরফ গলে।
দীর্ঘ সময় ধরে চলা এই নাটকের পর, পরিবার ও প্রতিবেশীদের আশ্বাসে আশ্বস্ত হয়ে নিরাপদে গাছ থেকে নেমে আসেন এহেমদ। পরে প্রতিবেশীরা তাঁকে বুঝিয়ে-সুঝিয়ে বাড়ি পৌঁছে দেন। তবে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গাছে উঠে পড়ার এই অভিনব কাণ্ড নিয়ে এখন পুরো এলাকায় ব্যাপক চর্চা চলছে।
