গাজার ভয়াবহ ছবি দেখে উদ্বিগ্ন দিল্লি! প্যালেস্টাইন সফরে ভারতীয় আমলা, কী জানাল বিদেশ মন্ত্রক? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্যালেস্টাইন সফরে গিয়ে গাজার আশঙ্কাজনক মানবিক পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন। কূটনৈতিক এই সফরের সময় তিনি প্যালেস্টাইনের বিদেশমন্ত্রী ডঃ ভার্সেন আগাবেকিয়ান শাহিনের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে গাজায় খাদ্য, চিকিৎসা ও মৌলিক পরিষেবার যে তীব্র সংকট দেখা দিয়েছে, তা নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানান তিনি। একই সাথে ব্রাসেলসে প্যালেস্টাইন ডোনার গ্রুপের বৈঠকে অংশ নিয়ে ভারত আন্তর্জাতিক আইন মেনে দুই-রাষ্ট্র সমাধানের নীতিতে আস্থা রেখেছে এবং রাষ্ট্রসঙ্ঘের পূর্ণ সদস্যপদের জন্য প্যালেস্টাইনের দাবিকেও সমর্থন জানিয়েছে।
ভারতের বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্য রেখে ঐতিহ্যগতভাবেই প্যালেস্টাইনের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রতিষ্ঠান গড়ার মতো একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ সংস্থা ‘ইউএনআরডব্লিউএ’-র মাধ্যমে নিয়মিত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার পাশাপাশি সংকটকালীন মুহূর্তে প্যালেস্টাইনের পুনর্বাসন ও ত্রাণ কার্যে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রতিশ্রুতি আরও একবার সুস্পষ্ট হয়ে উঠল।
