গাড়ির পর এবার বাগান! প্রাক্তন বিধায়ক বিশ্বজিতের বাড়ি থেকে উদ্ধার বন্দুক-গুলি, গ্রেফতার চালকও – এবেলা

এবেলা ডেস্কঃ
September 29, 20262:12 pm
বনগাঁ: প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের জট ক্রমশ জটিল হচ্ছে। তাঁর গাড়ির ড্যাশবোর্ড থেকে আগ্নেয়াস্ত্র মেলার পর এবার বাড়ির বাগান থেকেও উদ্ধার হলো আরও একটি বেআইনি ‘দেশি’ পিস্তল এবং এক রাউন্ড গুলি। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিধায়কের গাড়িচালক কেরামত মণ্ডলও।
ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রের খবর, গত সোমবার বিশ্বজিৎ দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় চাতুরির আশ্রয় নেন তাঁর ড্রাইভার কেরামত। বিধায়কের গাড়িটি নিয়ে সোজা তাঁর বাড়িতে চলে যান তিনি। তাড়াহুড়ো করে তালা খুলে ভেতরে ঢুকে কিছুক্ষণ পরই বেরিয়ে আসেন। চালকের এই সন্দেহজনক চলাফেরা নজর এড়ায়নি পুলিশের।
পরবর্তীতে জেরা করতেই আসল সত্যি উগরে দেন কেরামত। তিনি স্বীকার করেন, গাড়ির ড্যাশবোর্ডে রাখা ছিল পিস্তল ও গুলি। পুলিশ থেকে বাঁচাতে চটজলদি তা নিয়ে বাড়ির পেছনের বাগানে ফেলে এসেছিলেন তিনি। সোমবার রাতেই গোপালনগর থানার পুলিশ বিশ্বজিতের বাগানে অভিযান চালিয়ে সেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে।
তদন্তে পুলিশ: বেআইনি অস্ত্র রাখার অভিযোগে প্রাক্তন বিধায়ক এবং তাঁর চালক—দুইজনকেই গ্রেফতার করা হয়েছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ৭ দিনের পুলিশি হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করে তদন্তকারীরা। এই বেআইনি পিস্তল কোথা থেকে এলো এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
