গান্ধী পরিবারের জন্য হাজার কোটি টাকা দেবেন রেবন্ত, ‘এটিএম’ কটাক্ষ বিজেপির
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির একটি মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক সভায় মুখ্যমন্ত্রী জানান, গান্ধী পরিবারের প্রয়োজনে তেলেঙ্গানার কংগ্রেস কর্মীরা ১০০০ কোটি টাকা সংগ্রহ করে তাঁদের হাতে তুলে দেওয়ার ক্ষমতা রাখেন। গান্ধী পরিবারের ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, অর্থ তাঁদের কাছে অগ্রাধিকার নয় এবং কংগ্রেসই দেশের আত্মা।
রেবন্ত রেড্ডির এই মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তেলেঙ্গানাকে কংগ্রেস নিজেদের ‘এটিএম’ হিসেবে ব্যবহার করছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রশ্ন তুলেছেন, রাজ্যের মানুষের কষ্টার্জিত রাজস্ব জনকল্যাণের বদলে কি দিল্লির একটি রাজবংশের সেবায় ব্যয় করা হবে?
একই সুরে সুর মিলিয়ে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) কংগ্রেসের সমালোচনা করেছে। বিআরএস মুখপাত্র কৃষ্ণাঙ্ক মান্নে বলেন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই প্রমাণ করে যে তেলেঙ্গানা এখন জাতীয় কংগ্রেসের তহবিলের উৎসে পরিণত হয়েছে। যেখানে রাজ্যের কৃষকরা প্রকল্পের সুবিধার জন্য অপেক্ষা করছেন, সেখানে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

