গায়ক জুবিন গর্গের নামে নাম রাখা হলো এক নতুন প্রজাতির বিরল প্রজাপতির – এবেলা
এবেলা ডেস্কঃ
মৃত্যুর ছয় মাস পরেও মানুষের হৃদয়ে অমলিন জুবিন গর্গ। আসামের এই জনপ্রিয় গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে অরুণাচল প্রদেশে সদ্য আবিষ্কৃত একটি বিরল প্রজাতির প্রজাপতির নামকরণ করা হলো তাঁর নামেই। রোশন উপাধ্যায় এবং কালেশ সদাশিভান নামে দুই গবেষক বাসারের ঘন জঙ্গলে এই অপূর্ব সুন্দর প্রজাপতিটির সন্ধান পেয়েছেন।
গবেষণা অনুযায়ী, অলিভ-বাদামি ডানার ওপর সাদা নকশা করা এই প্রজাপতিটি ইউথালিয়া গোষ্ঠীর একটি অংশ। চিরসবুজ বনের ৭০০ মিটার উচ্চতায় ছায়াযুক্ত পরিবেশে এদের বিচরণ। বিজ্ঞানসম্মতভাবে এর নাম রাখা হয়েছে ‘ইউথালিয়া জুবিনগর্গি’। প্রকৃতিপ্রেমী ও বিজ্ঞানীদের মতে, এটি একদিকে যেমন ওই অঞ্চলের জীববৈচিত্র্যকে তুলে ধরবে, ঠিক তেমনই প্রিয় শিল্পীর স্মৃতিকে চিরকাল রঙিন করে রাখবে। উল্লেখ্য, এর আগে মানস জাতীয় উদ্যানে একটি বিরল গাছের নামকরণও করা হয়েছিল এই প্রখ্যাত গায়কের স্মৃতির উদ্দেশে।

