গুজরাট উপকূলে ইরানি ট্রলার থেকে ৫ কোটির বিদেশি সিগারেট বাজেয়াপ্ত, ধৃত ৪
আরব সাগরে ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর তৎপরতায় বানচাল হলো বিদেশি পণ্য পাচারের এক বড়সড় ষড়যন্ত্র। শনিবার রাতে গুজরাটের দ্বারকা উপকূল থেকে প্রায় ১১৫ নটিক্যাল মাইল দূরে ‘আল মুখতার’ নামের একটি সন্দেহজনক ইরানি ট্রলারকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রলারটি থেকে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের প্রায় ২০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেছেন আধিকারিকরা।
অভিযান চলাকালীন ট্রলারে থাকা চারজন ইরানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। উপকূলরক্ষা বাহিনী জানিয়েছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত পাচারকারীদের এবং বাজেয়াপ্ত সিগারেটসহ ট্রলারটিকে পরবর্তী তদন্তের জন্য পোরবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কোনো আন্তর্জাতিক পাচারকারী দলের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি গুজরাট উপকূলে উপকূলরক্ষা বাহিনী ও এটিএস-এর যৌথ অভিযানে ২০০ কেজির বেশি মাদকসহ দুই ইরানি নাগরিক ধরা পড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধারের ঘটনাটি উপকূলীয় নিরাপত্তা এবং সীমান্ত নজরদারিকে আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বর্তমানে ধৃতদের জেরা করে এই পাচারচক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

