গুন্ডাদের সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত, বাংলায় সোমবার থেকে লাগু নজিরবিহীন গুন্ডাদমন আইন – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করতে সোমবার থেকে কার্যকর হলো ঐতিহাসিক ‘গুন্ডাদমন আইন ২০২৬’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতে প্রশাসনকে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের আওতায় সিন্ডিকেটরাজ, তোলাবাজি, জমি দখল, বেআইনি বালি ও খনি কারবারের পাশাপাশি সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতিকেও সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য করা হবে। জেলাশাসক বা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা নিশ্চিত হলে যেকোনো দাগী অপরাধীকে বিনা বিচারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আটকে বা এলাকাছাড়া করে রাখতে পারবেন। এমনকি সংগঠিত অপরাধের মাধ্যমে উপার্জিত সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করার আইনি অধিকারও এখন পুলিশের হাতে।
আইনের অপব্যবহার রুখতে একটি উপদেষ্টামণ্ডলী বা ‘অ্যাডভাইসরি বোর্ড’ থাকবে। তবে আন্দোলন বা বিক্ষোভের নামে সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট, বাস-ট্রেন পোড়ানো বা পুলিশের ওপর হামলা ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর জন্য একটি বিশেষ ‘ক্লেম কমিশন’ গঠন করা হবে, যা দাঙ্গা বা হিংসাত্মক ঘটনায় হওয়া ক্ষয়ক্ষতির সম্পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ সরাসরি চিহ্নিত অভিযুক্তদের থেকে উশুল করবে। সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা এবং স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেওয়া রুখতেই রাজ্য সরকারের এই কঠোর আইনি পদক্ষেপ।
