গুরুগ্রামে লিভ-ইন পার্টনারের নৃশংস অত্যাচার, অভিযুক্ত শিবম গ্রেফতার
হরিয়ানার গুরুগ্রামে এক ১৯ বছর বয়সী বাঙালি তরুণীকে তিন দিন ধরে আটকে রেখে নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর লিভ-ইন পার্টনার শিবমের বিরুদ্ধে। ত্রিপুরার বাসিন্দা ওই তরুণী গুরুগ্রামে পড়াশোনা করতেন। গত ১৬ ফেব্রুয়ারি থেকে তাঁর ওপর অমানবিক অত্যাচার শুরু হয় বলে জানা গেছে। অভিযুক্ত যুবক তাঁকে মারধর করার পাশাপাশি গরম স্যানিটাইজার ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মতো ভয়াবহ অপরাধ ঘটিয়েছে।
নির্যাতিতা কৌশলে শিবমের মোবাইল ব্যবহার করে তাঁর মাকে ফোন করলে পুরো বিষয়টি সামনে আসে। বাংলায় কথা বলায় অভিযুক্ত যুবক কিছুই বুঝতে পারেনি। তরুণীর মা দ্রুত পুলিশে খবর দিলে সেক্টর ৬৯ এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানেই পুলিশের কাছে নিজের বয়ান নথিভুক্ত করেছেন।
অভিযুক্ত শিবমকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে গুরুগ্রাম পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা ও নির্যাতনের মামলা রুজু করে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ ঘটনার গভীর তদন্ত শুরু করেছে এবং তরুণীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

