গ্যাস সংকটে বিপর্যস্ত শ্রমজীবী হাসপাতাল: বেলুড় ও শ্রীরামপুরে কাঠের উনুনে রান্নার লড়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার বেলুড় ও শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে তীব্র রান্নার গ্যাস সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প হিসেবে কাঠের উনুন ও ইলেকট্রিক ওভেনের ওপর ভরসা করতে বাধ্য হচ্ছেন। দীর্ঘ কয়েক দশক ধরে রোগীদের নিরবচ্ছিন্ন খাবার সরবরাহ করা এই হাসপাতালগুলোতে প্রয়োজনীয় গ্যাসের জোগান না থাকায় দৈনন্দিন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বেলুড় শ্রমজীবী হাসপাতালে প্রতিদিন রোগী ও কর্মী মিলিয়ে প্রায় ২০০ জনের খাবারের ব্যবস্থা করতে হয়। এর পাশাপাশি শ্রমজীবী পাঠশালার আরও ১৫০ জনের খাবারের দায়িত্বও রয়েছে তাদের ওপর। শ্রীরামপুরের হাসপাতালেও প্রতিদিন প্রায় ৪০০ জনের রান্নার জন্য যেখানে দশটি সিলিন্ডার প্রয়োজন, সেখানে মিলছে মাত্র এক থেকে দুটি। এই ঘাটতি মেটাতে হাসপাতাল প্রাঙ্গণে উনুন তৈরি করে জ্বালানি কাঠ দিয়ে রান্না চালানো হচ্ছে।
গ্যাস সংকটের প্রভাব পড়েছে হাসপাতাল সংলগ্ন ছোট খাবারের দোকানগুলোর ওপরও। জ্বালানির অভাবে অনেক দোকান বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় বিপাকে পড়েছেন রোগীর আত্মীয়স্বজনরা। তবে বেলুড় শ্রমজীবী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং বিকল্প উপায়ে খাবারের জোগান স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।

