লেটেস্ট নিউজ

গ্যাসের হাহাকারে অস্বস্তিতে মোদী সরকার: বিপদের সময় রাজনীতি না করার আহ্বান নাড্ডার – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের মুখে দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও হরমুজ প্রণালীতে অনিশ্চয়তার জেরে এলপিজি সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। বিরোধী দলগুলি এই ইস্যুকে হাতিয়ার করে সরকারের ব্যর্থতা তুলে ধরছে, যা আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

জ্বালানি সংকট নিয়ে সোমবার রাজ্যসভায় কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে তীব্র বিতণ্ডা হয়। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে অভিযোগ করেন, সরকার সঠিক পরিকল্পনা না করায় সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে, অথচ পেট্রোলিয়াম মন্ত্রী সংকটের কথা অস্বীকার করছেন। পাল্টা জবাবে বিজেপির জে পি নাড্ডা জানান, এই পরিস্থিতির জন্য কেন্দ্র দায়ী নয় এবং বিরোধীদের বিপদের সময় রাজনীতি না করার আহ্বান জানান।

পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল থাকলেও রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ রয়েছে। হরমুজ প্রণালীতে তেল ও এলপিজি বোঝাই জাহাজ আটকে থাকায় সরবরাহ স্বাভাবিক করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সরকার আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিলেও বিভিন্ন রাজ্যে হেল্পলাইন ও কাস্টমার কেয়ার পরিষেবা অচল হয়ে পড়ায় জনমনে অস্থিরতা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *