গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বড় ঘোষণা ইউরোপের দেশগুলোর ওপর শুল্কের হুমকি প্রত্যাহার – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড এবং আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষা ইস্যুতে ন্যাটোর সাথে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে এক ফলপ্রসূ আলোচনার পর ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর ওপর আরোপিত ভারী শুল্কের হুমকি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানিয়েছেন যে, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া ওই কর আপাতত আর চাপানো হবে না। তিনি আরও জানান, গ্রিনল্যান্ডের নিরাপত্তার জন্য একটি ‘গোল্ডেন ডোম’ পরিকল্পনার কাজ চলছে, যা চূড়ান্ত হলে আমেরিকা ও ন্যাটো দেশগুলোর জন্য অত্যন্ত লাভজনক হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডেনমার্ক। তবে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন স্পষ্ট করেছেন যে, নিরাপত্তা ইস্যুতে আলোচনা চললেও ডেনমার্কের সার্বভৌমত্বকে অবশ্যই সম্মান করতে হবে। অন্যদিকে, দাভোসে ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এখনও এর মালিকানা অর্জন করতে আগ্রহী। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গ্রিনল্যান্ড সরকার সে দেশের নাগরিকদের আগামী পাঁচ দিনের জন্য খাদ্য, জল ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছে।

