ঘর সাফ করে লিপস্টিক দিয়ে বার্তা! জয়সলমেরে চোরের আজব কীর্তি, মালিককে দিল বিশেষ ‘টিপস’
রাজস্থানের জয়সলমেরে এক অবিশ্বাস্য চুরির ঘটনা ঘটে গেল। শহরের আইজিএনপি কলোনিতে সরকারি আধিকারিক সোহন জাঙ্গিদের বাড়িতে হানা দিয়ে চোর শুধু সর্বস্ব লুঠই করেনি, যাওয়ার আগে লিপস্টিক দিয়ে দেওয়ালে লিখে দিয়ে গেল এক অদ্ভুত বার্তা। চোর লিখেছে, “মদ রাখলে সঙ্গে চাটও (চিপস) রাখা উচিত ছিল!”
রবিবার রাতে বাড়িটি ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে ভিতরে ঢোকে চোর। ল্যাপটপ, টিভি, দামি পারফিউম থেকে শুরু করে পোশাক—সবকিছুই গুছিয়ে নিয়ে চম্পট দেয় সে। তবে পালানোর আগে দেওয়ালে সে লিখে যায়, “থানায় গিয়ে সময় নষ্ট করবেন না বিহারি বাবু।” শুধু তাই নয়, কাগজের চিরকুটে চোর জানায় সে মালিকের রান্না করা খাবার খেয়ে খুব তৃপ্ত। শেষে একটি ‘ধন্যবাদ’ দিয়ে সে লেখে, “রিপোর্ট কোরো না, তুমি আমায় ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাব।” পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ ও হাতের ছাপ পরীক্ষা করে এই ‘রসিক’ চোরকে ধরার চেষ্টা চালাচ্ছে।

