ঘরে তেরঙা ওড়ালেন খোদ ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির বাবা, প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরে নজিরবিহীন ছবি – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে আজ প্রজাতন্ত্র দিবসের মহোৎসব। তবে এবারের উদযাপনে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে জম্মু-কাশ্মীরের সোপিয়ানের একটি ছবি। সেনার হিটলিস্টে থাকা ‘A++’ ক্যাটাগরির কুখ্যাত জঙ্গি আবিদ রমজান শেখের বাবা আজ নিজের বাড়িতেই জাতীয় পতাকা উত্তোলন করলেন।
সোপিয়ানের চোটপোরা এলাকার বাসিন্দা আবিদ রমজান শেখ দীর্ঘকাল ধরে উপত্যকায় সক্রিয়। দক্ষিণ কাশ্মীরের একাধিক নাশকতামূলক ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এই জঙ্গিকে হন্যে হয়ে খুঁজছে নিরাপত্তা সংস্থাগুলি। অথচ আজ সেই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির বাড়িতেই সগৌরবে উড়ল তেরঙা।
গত এক মাসে কাশ্মীর উপত্যকায় সেনা ও জঙ্গিদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্প্রতি গ্রেনেড হামলায় জখম হয়েছেন ৮ জওয়ান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই একজন সক্রিয় জঙ্গির বাবার এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমাজকে এক ইতিবাচক বার্তা দিতেই কি এই সিদ্ধান্ত? তা নিয়ে আলোচনা শুরু হলেও সেনার তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, শ্রীনগরের লালচকেও আজ সাড়ম্বরে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও সেখানে পতাকা উত্তোলনে অংশ নেন। ড্রোন এবং বাড়তি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকাকে।

