লেটেস্ট নিউজ

ঘাটাল: টোটো উল্টে জখম ৬ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন ২ জন

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ছয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে, সরু রাস্তায় রাখা বালির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পরীক্ষার্থীবাহী একটি টোটো উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনায় টোটো চালকও আহত হয়েছেন বলে খবর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হলেও দুই পরীক্ষার্থীর আঘাত গুরুতর। একজনের মাথায় চোট লেগেছে এবং অন্যজনের হাতে প্লাস্টার করতে হয়েছে। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসাধীন ওই দুই পরীক্ষার্থীকে হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুর্ঘটনার ট্রমা কাটিয়ে জেদের জোরে হাসপাতালের বিছানায় বসেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

পরীক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের অনুমতি নিয়ে হাসাপাতালে পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়। অভিভাবকদের তৎপরতায় আহত দুই শিক্ষার্থী প্লাস্টার করা হাত ও ব্যান্ডেজ নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করে। সম্প্রতি শালবনীতেও একই ধরনের পথ দুর্ঘটনা ঘটায় পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসাধীন পরীক্ষার্থীদের এই হার না মানা মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *