ঘূর্ণাবর্তের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার তুমুল বিপর্যয় দেখা দিয়েছে। উত্তরবঙ্গে রাতভর প্রবল বর্ষণের জেরে তিস্তা নদীর জল রাস্তায় উঠে আসায় দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে তিস্তাবাজারে জল নামার অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলসহ গোটা উত্তরবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবং এই পরিস্থিতি চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত বজায় থাকতে পারে।
অন্য দিকে, বাংলাদেশ ও বিহারের জোড়া ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গেও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় যে কোনও মুহূর্তে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তোলপাড় করা বৃষ্টি নামতে পারে।
