চাকদহে আয়কর হানা: প্লাইউড ব্যবসায়ীর বাড়ি ও কারখানায় কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202612:42 pm
রাজ্যে ফের সক্রিয় আয়কর দফতর। বৃহস্পতিবার সকালে নদিয়ার চাকদহ শহরের দুর্গানগর এলাকায় বিশিষ্ট প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়ি ও কারখানায় অতর্কিতে হানা দেন আধিকারিকরা। সকাল সাতটা নাগাদ চারজন আধিকারিক ও চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন।
দীর্ঘদিন ধরে প্লাইউড ব্যবসার সঙ্গে যুক্ত টোটন দত্তের একাধিক প্রতিষ্ঠান ও গুদামেও অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আধিকারিকরা ব্যবসায়িক নথিপত্র খতিয়ে দেখেন। এর আগে মাসের শুরুতে কলকাতায় এক সারের ব্যবসায়ীর বাড়িতেও একই ধরনের অভিযান চলেছিল, যার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটল।
অভিযানের প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও, আয়কর ফাঁকি বা আর্থিক অনিয়মের আশঙ্কায় এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আকস্মিক এই হানায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং আধিকারিকরা তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রেখেছেন।

