লেটেস্ট নিউজ

চাকরির টোপ দিয়ে ৫৮ লক্ষ টাকা আত্মসাৎ, পুলিশের জালে হাইস্কুল শিক্ষক – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজেদেরই ছাত্রকে স্কুল শিক্ষকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক হাইস্কুল শিক্ষককে গ্রেপ্তার করল আনন্দপুর থানার পুলিশ। ধৃতের নাম অনুপ প্রধান। অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ওই ছাত্রের কাছ থেকে ধাপে ধাপে মোট ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন তিনি। বুধবার রাতে আনন্দপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে এবং বয়ানে অসঙ্গতি থাকায় পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক আগে বাঁকুড়ার একটি সরকারি স্কুলে কর্মরত ছিলেন। সেখানে অর্থনীতী পড়ার সময় ওই ছাত্রকে শিক্ষা দপ্তরে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান তিনি। ছাত্রের পরিবার বিশ্বাস করে বিপুল পরিমাণ অর্থ তুলে দিলেও দীর্ঘ তিন বছরেও মেলেনি কাঙ্ক্ষিত চাকরি। এমনকি টাকা ফেরত চাইলে অভিযুক্ত শিক্ষক টালবাহানা শুরু করেন বলে অভিযোগকারিণীর দাবি।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযোগকারী ছাত্র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ১৯ লক্ষ টাকা সরাসরি শিক্ষককে পাঠিয়েছেন। বাকি টাকাও বিভিন্ন সময় ব্যাংকের মাধ্যমেই লেনদেন হয়েছে বলে প্রাথমিক প্রমাণ মিলেছে। অভিযুক্ত শিক্ষক বর্তমানে হরিনাভির একটি স্কুলে কর্মরত ছিলেন এবং আনন্দপুরের একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *