চিন-ইন্দোনেশিয়াকে টেক্কা দেবে ভারত! ২০৩০ সালে মাথাপিছু আয় কত বাড়ছে জানেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সাম্প্রতিক গবেষণা রিপোর্টে ভারতের অর্থনীতি নিয়ে এক অভাবনীয় পূর্বাভাস দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ভারতের মাথাপিছু আয় ৪,০০০ ডলারে পৌঁছাবে, যা বর্তমানে লোয়ার-মিডল ইনকাম ক্যাটাগরি থেকে দেশকে চীন ও ইন্দোনেশিয়ার মতো ‘আপার-মিডল ইনকাম’ দেশের তালিকায় উন্নীত করবে। ড. সৌম্য কান্তি ঘোষের নেতৃত্বে তৈরি এই সমীক্ষা জানাচ্ছে, দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির ফলে ২০২৮ সালের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে।
স্বাধীনতার ৬০ বছর পর প্রথম ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছালেও, বর্তমানে প্রতি ৭ বছরে সমপরিমাণ অর্থ যোগ হচ্ছে ভারতের জিডিপিতে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে মাথাপিছু আয় বৃদ্ধির এই ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২৬ সালের মধ্যে ৩,০০০ ডলারের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। এই অগ্রগতি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

