চিনার পার্কে ভিভিআইপি রুট রেইকি! পিসির নির্দেশে জইশ জঙ্গি হামিমের বিস্ফোরক ছক ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ও শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সাথে যুক্ত সন্দেহভাজন জঙ্গি মহম্মদ হামিম মণ্ডল নিউ টাউনের চিনার পার্ক এলাকায় ভিভিআইপি কনভয় রুট ও হাই-সিকিউরিটি আবাসনে গোপনে নজরদারি বা ‘রেইকি’ চালিয়েছিল।
ভাড়াগাড়িতে নজরদারি ও চতুরতা
তদন্তকারীদের মতে, ধরা পড়া এড়াতে হামিম একটি ভাড়া করা গাড়ি ব্যবহার করত। নিউ টাউন ও চিনার পার্ক এলাকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের যাতায়াতের পথ এবং নিরাপত্তা সম্পর্কিত নানা সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছিল সে। পুলিশের চোখ ও সিসিটিভি ক্যামেরা এড়াতে সে চতুরতার সাথে ‘ব্লাইন্ড স্পট’ ব্যবহার করত এবং যাতে কোনো সন্দেহ না হয়, তাই কোনো ছবি বা ভিডিও রেকর্ড করা থেকে বিরত থাকত।
পাক সংযোগ ও দিল্লি নাশকতার পরিকল্পনা
এসটিএফ-এর প্রাথমিক তদন্তে স্পষ্ট, হামিম সরাসরি পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের নির্দেশেই কাজ করছিল। শুধু রাজ্যের শীর্ষ নেতাদের নিশানা করাই নয়, দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীন বড়সড় গণ্ডগোল ও নাশকতার পরিকল্পনাও ছিল এই জঙ্গি চক্রের।
বর্তমানে হামিম ও তার সহযোগীদের জেরা করে এই আন্তর্জাতিক চক্রান্তের গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন এসটিএফ আধিকারিকরা।
