চুঁচুড়ায় তুরুপের তাস দেবাংশু, চন্দননগরে অভিজ্ঞ ইন্দ্রনীলেই আস্থা তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কালীঘাটের বাসভবন থেকে ২৯১টি আসনের তালিকা প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন ও প্রবীণের মেলবন্ধনে সাজানো এই তালিকায় হুগলি জেলার গুরুত্বপূর্ণ আসনগুলোতে বিশেষ রদবদল লক্ষ্য করা গেছে। চন্দননগর কেন্দ্রে দুইবারের বিধায়ক ইন্দ্রনীল সেনের ওপর পুনরায় ভরসা রাখলেও, চুঁচুড়ায় অভিজ্ঞ অসিত মজুমদারের পরিবর্তে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে।
দলীয় এই সিদ্ধান্তে হুগলির রাজনৈতিক সমীকরণ বেশ জমজমাট হয়ে উঠেছে। চুঁচুড়ায় ফরওয়ার্ড ব্লকের সুনীল সাহার বিরুদ্ধে লড়বেন দেবাংশু, অন্যদিকে চন্দননগরে ইন্দ্রনীল সেনের প্রতিপক্ষ মনীশ পান্ডে। এছাড়া সপ্তগ্রাম থেকে প্রাক্তন ফুটবলার বিদেশ বোস এবং উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের বদলে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়েছে। বলাগড় (এসসি) আসনে মনোরঞ্জন ব্যাপারীর জায়গায় নতুন মুখ হিসেবে রঞ্জন ধারাকে বেছে নিয়েছে রাজ্যের শাসক দল।
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই হুগলির বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেক জায়গাতেই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন সমর্থকরা। রাজনৈতিক মহলের মতে, তারুণ্য ও অভিজ্ঞতার এই ভারসাম্য আগামী নির্বাচনে শাসক দলের জন্য বড় হাতিয়ার হতে পারে। বেশ কিছু বর্তমান বিধায়ককে টিকিট না দিয়ে নতুন মুখ আনা এবং হেভিওয়েট প্রার্থীদের ধরে রাখার কৌশল কতখানি সফল হয়, এখন সেটাই দেখার বিষয়।

