চোর সন্দেহে গণপিটুনি, ১০ দিনের লড়াই শেষে মৃত্যু হল যুব ইঞ্জিনিয়ারের
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের গিলাগেড়িয়া এলাকার বাসিন্দা সৌম্যদীপ চন্দ (৩৩) পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি রাতে খড়গপুরে নাইট ডিউটিতে যাওয়ার সময় খড়গপুর লোকাল থানার আনারকলি এলাকায় একদল লোক তাঁকে চোর সন্দেহে ঘিরে ধরে। অভিযোগ, সৌম্যদীপ নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও উন্মত্ত জনতা তা কানে না তুলে তাঁকে বেধড়ক মারধর করে এবং মাথায় গুরুতর আঘাত পায়।
আহত সৌম্যদীপকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আইসিইউতে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর গত শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। শনিবার রাতে তাঁর নিথর দেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃতের পরিবার এই ঘটনায় ভেঙে পড়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। সৌম্যদীপের কাকুর অভিযোগ, যেভাবে তাঁকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে তা মেনে নেওয়া যায় না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই অমানবিক গণপ্রহারের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

