চোরাপথে ইন্দোনেশিয়া থেকে আসা কোটি টাকার সুপারি উদ্ধার নদীয়ায়, শুল্কদপ্তরের অভিযানে চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
নদীয়ার বেথুয়াডহরি চেক পোস্টের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই সুপারি উদ্ধার করেছে শুল্কদপ্তর। ইন্দোনেশিয়া থেকে চোরাপথে আসা এই সুপারি মেঘালয় হয়ে এ রাজ্যে আসছিল। শুল্কদপ্তরের অফিসাররা বহরমপুর থেকে ধাওয়া করে বেথুয়াডহরিতে একটি লরি আটকান। আটকের পর লরির চালক অফিসারদের ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন, যার ফলে এক কর্মী আহত হন। এমনকি অভিযুক্তরা লরিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও শুল্কদপ্তরের তৎপরতায় তা ব্যর্থ হয়।
এই সুযোগে চালক পালিয়ে গেলেও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। তল্লাশিতে প্রায় ২৫০ বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য এক কোটির বেশি। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এই সুপারি পরিবহন করা হচ্ছিল। গাড়ি থেকে মেঘালয়ের জাল নথি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সুপারিগুলি ইন্দোনেশিয়া থেকে এনে মেঘালয়ে জাল নথি তৈরি করে দেশীয় উৎপাদিত বলে চালানোর চেষ্টা হচ্ছিল। এই ঘটনার নেপথ্যে একটি বড় আন্তর্জাতিক চোরাচালান চক্র সক্রিয় রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
