ছবি আর ফাটবে না! মেটা এআই প্রযুক্তিতে হোয়াটসঅ্যাপে আসছে ছবি এডিটিংয়ের নতুন আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় এখন ৯:১৬ ভার্টিক্যাল ফরম্যাট বা রিলসের জামানা। ইনস্টাগ্রাম ও ফেসবুকের এই জনপ্রিয় ট্রেন্ডকে মাথায় রেখে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার আনছে মেটা। এখন থেকে আলাদা কোনো অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে এক ক্লিকে যেকোনো ছবির সাইজ বদলে ৯:১৬ ভার্টিক্যাল ফরম্যাটে রূপান্তর করা যাবে।
নতুন ফিচারের সুবিধা: সাধারণত ল্যান্ডস্কেপ ছবি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে গেলে বা কাউকে ভার্টিক্যাল সাইজে পাঠাতে গেলে ক্রপ করতে গিয়ে ছবির মূল অংশ কেটে যায়। নতুন ফিচারে অ্যাপের ভেতরে থাকা ড্রয়িং এডিটরের মাধ্যমে নিমেষেই ছবিকে ৯:১৬ ফরম্যাটে বদলে ফেলা সম্ভব হবে।
ডব্লিউএবেটাইনফো (WABetaInfo)-র তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এটি ইতিমধ্যেই পরীক্ষা করা হচ্ছে। এছাড়া সম্প্রতি বিটা ব্যবহারকারীদের জন্য ছবিতে ৩ডি এফেক্ট, অ্যানিমেশন ও কার্টুন লুকে পরিবর্তনের সুযোগও যুক্ত করা হয়েছে।
যেভাবে কাজ করবে এই ফিচার:
- প্রথমে পছন্দের ছবিটি হোয়াটসঅ্যাপ ড্রয়িং প্ল্যাটফর্মে ওপেন করুন।
- স্ক্রিনে থাকা ‘Expands Photo’ অপশনটিতে ট্যাপ করুন।
- ট্যাপ করতেই ছবিটি স্বয়ংক্রিয়ভাবে ৯:১৬ সাইজে তৈরি হয়ে যাবে।
ছবি কি বিকৃত বা ডিসটর্ট হবে? ছবি জোড়পূর্বক বড় করলে কোয়ালিটি নষ্ট হওয়ার ভয় থাকে। তবে মেটা এই ফিচারে Meta AI প্রযুক্তি ব্যবহার করছে। এআই প্রথমে পুরো ছবিটি বিশ্লেষণ করবে এবং ছবির মূল ফ্রেম ঠিক রেখে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড ও সাইজ বাড়িয়ে দেবে, ফলে ছবির গুণগত মান বজায় থাকবে।
বর্তমানে ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। শীঘ্রই এটি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অফিশিয়ালি রোলআউট করা হবে।
