ছেলের থেকে ভালো ব্যবহার চেয়ে কাতর আর্জি বাবা-মা’র, কমিটি চায় হাইকোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: উচ্চশিক্ষিত হয়েও বাবা-মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার। ক্যান্সার আক্রান্ত বাবার ওষুধ থেকে শুরু করে প্রতিদিনের অপমান— খাস কলকাতায় প্রাক্তন অধ্যাপক দম্পতির জীবন এখন বিষিয়ে উঠেছে তাঁদের একমাত্র ছেলের কারণে। আইআইটি এবং আইআইএম-এর প্রাক্তনী ওই যুবক বর্তমানে মুম্বইয়ের এক বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত। অথচ, বৃদ্ধ বাবা-মায়ের অভিযোগ, বিয়ের পর স্ত্রীর পরামর্শে ছেলে তাঁদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন এবং নূন্যতম সম্মানটুকুও দিচ্ছেন না।
কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে ছেলে পালটা দাবি করেন যে, তাঁর মা মানসিকভাবে ভারসাম্যহীন এবং ছোটবেলা থেকেই তাঁকে অতি শাসনে রাখা হতো। ছেলের এমন মন্তব্যে এজলাসেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা। তিনি বলেন, “নিজেদের উপার্জনের সবটুকু দিয়ে ছেলেকে আইআইটি-আইআইএম-এ পড়িয়েছি, আজ আমিই মানসিক রোগী হয়ে গেলাম? আমরা শুধু একটু ভালো ব্যবহার চাই।”
বিচারপতি কৃষ্ণ রাও দুপক্ষের বক্তব্য শুনে স্তম্ভিত হয়ে যান। তিনি স্পষ্ট জানান, বাবা-মা যেমনই হন, সন্তান তাঁদের প্রতি এমন কুরুচিকর ভাষা ব্যবহার করতে পারেন না। মানবিকতার খাতিরে আদালত রাজ্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে, আগামী ১০ মার্চের মধ্যে একজন মনোবিদ, একজন মনোরোগ বিশেষজ্ঞ ও একজন কাউন্সিলরের নাম জমা দিতে। তাঁদের নিয়ে গঠিত বিশেষ কমিটির সামনেই এবার মুখোমুখি বসতে হবে বিবদমান এই পরিবারকে।
