জগদ্দলে বিজেপির তুরুপের তাস প্রাক্তন আইপিএস রাজেশ কুমার – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রাক্তন আইপিএস অফিসার তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজেশ কুমার এবার রাজনীতির ময়দানে পা রাখলেন। জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে তিনি বর্তমান তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩৬ বছরের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এই হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
শিক্ষাগতভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও পিএইচডি ডিগ্রিধারী রাজেশ কুমার গত জানুয়ারিতে পুলিশ পরিষেবা থেকে অবসর নেন। জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি সরাসরি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। দীর্ঘ আমলাতান্ত্রিক ক্যারিয়ারের ইতি টেনে তাঁর এই নতুন ইনিংস জগদ্দলের লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

