“জঙ্গিদের আশ্রয় সরেছে, তাই শেষ কামড়!” পিকে-র জয় থেকে সন্ত্রাসবাদ— বিস্ফোরক দিলীপ – এবেলা

এবেলা ডেস্কঃ
বাঁকিপুর উপনির্বাচনে ‘জনসূরাজ’ প্রধান প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব দিলীপ ঘোষ। নিজের স্বভাবসিদ্ধ সোজাসাপ্টা ভঙ্গিতে বিরোধী থেকে শুরু করে রাজনৈতিক সংস্কৃতি—সব পক্ষকেই একহাত নিয়েছেন তিনি।
সম্প্রতি বিহারের বাঁকিপুর উপনির্বাচনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন-এর খালি করা আসনে জয়ী হয়ে চমক দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। প্রথমবার নির্বাচনে নেমে পিকে-র এই জয় নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেন, “রিগিং বা অনিয়ম হলে উপনির্বাচনে সাধারণত শাসকদলই জেতে। কিন্তু নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হয়, তবে মানুষ যার পক্ষে রায় দেয়, সেই জেতে।”
এরপরই ইভিএম (EVM) নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতাকে তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, “হেরে গেলেই ইভিএম কারচুপির অভিযোগ, আর জিতলেই সব ঠিক? জেতার পর কেন সবাই জনগণের এই রায়কে অস্বীকার করেন?”
শুধু প্রশান্ত কিশোরের জয়ই নয়, রাজ্যের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নিয়েও নিজের প্রতিক্রিয়া জানান তিনি। সাম্প্রতিক জঙ্গি দমন অভিযান সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে জঙ্গিঘাঁটি ধ্বংসের কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ এতদিন ব্যতিক্রম ছিল, সেখানে জঙ্গিরা প্রশ্রয় পেত। কিন্তু এখন রাজনৈতিক আশ্রয় সরে যাওয়ায় তারা শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে।”
নিজের আবাসন এলাকার উদাহরণ টেনে তিনি যোগ করেন, “আমি নিউটাউনে থাকি। এখানকার শাপুরজি এলাকাতেও বিভিন্ন সময়ে জঙ্গিরা ডেরা বেঁধেছিল। মনে রাখা দরকার, শুধু রাজনীতিকদের নয়, সাধারণ মানুষের জীবনও অত্যন্ত মূল্যবান। সকলকে সতর্ক থাকতে হবে। মাথার ওপর থেকে রাজনৈতিক ছাতা সরে যাওয়ায় জঙ্গিরা এখন মরিয়া হয়ে উঠেছে।”
