জন বারলার দলত্যাগের ধাক্কা: প্রার্থী ঘোষণা হলেও বানারহাটে কার্যালয়হীন বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ির বানারহাটে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও এখনও নির্বাচনী কার্যালয় খুলতে পারেনি বিজেপি। এমনকি এই ব্লকে দলের কোনো স্থায়ী পার্টি অফিসও নেই। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় গেরুয়া শিবিরের এই সাংগঠনিক শূন্যতা নিয়ে বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
তৃণমূল ছেড়ে আসা জন বারলার উদ্যোগে ২০২১ সালে চামুর্চি মোড়ে একটি স্থায়ী কার্যালয় চালু হয়েছিল। কিন্তু বারলার দলত্যাগের পর সেই অফিসটি বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে দলীয় কর্মীদের নেতাদের ব্যক্তিগত বাড়ির ওপর ভরসা করতে হচ্ছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিকল্প কোনো স্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে পারেনি জেলা নেতৃত্ব।
বিজেপির জেলা সম্পাদিকা পুনিতা ওরাওঁ অবশ্য দ্রুত নির্বাচনী কার্যালয় খোলার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বিষয়টিকে বিজেপির সাংগঠনিক ব্যর্থতা বলে কটাক্ষ করেছে। তবে পালটা লড়াইয়ের ডাক দিয়ে বিজেপি নেতৃত্বের দাবি, পরিকাঠামো যাই হোক না কেন, এই ব্লক থেকে তিনটি বিধানসভা আসনেই তারা লিড পাবে।

