জন্মদিবসে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে অন্তর্ধান রহস্য নিয়ে ফের কেন্দ্রকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি উল্লেখ করেন যে, নেতাজি দেশপ্রেম এবং ধর্মনিরপেক্ষতার এক অনন্য প্রতীক। আজাদ হিন্দ ফৌজের ঐক্য ও সম্প্রীতির আদর্শই তাঁর প্রতি শ্রেষ্ঠ সম্মান। তবে দেশনায়কের অন্তর্ধান রহস্য আজও অমীমাংসিত রয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী জানান যে রাজ্য সরকার ইতিপূর্বে নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল জনসমক্ষে আনলেও কেন্দ্র এখনও রহস্য উদ্ঘাটনে চূড়ান্ত পদক্ষেপ নেয়নি। সত্য আড়ালে থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি পুনরায় কেন্দ্রের কাছে নেতাজি বিষয়ক সমস্ত গোপন তথ্য প্রকাশের জোরালো আবেদন জানিয়েছেন। নেতাজির আদর্শকে পাথেয় করে দেশব্যাপী তাঁর প্রকৃত বীরত্বের কাহিনী পৌঁছে দেওয়াই বর্তমান সময়ের দাবি বলে তিনি মনে করেন।

