জমি দিয়েও মেলেনি চাকরি মালদহে প্রতারণার শিকার আদিবাসী পরিবার পথে বসার আশঙ্কায় সরব বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
সরকারি প্রকল্পের জন্য জমি দিলেই মিলবে পরিবারের দুই সদস্যের চাকরি। প্রশাসনের এমন প্রতিশ্রুতিতে বিশ্বাস করে নিজের ১০ কাঠা জমি তুলে দিয়েছিলেন মালদহের হবিবপুর ব্লকের রাঘবপুর গুজিয়া গ্রামের বাসিন্দা সাহেব বাস্কে। তবে এক বছর পেরিয়ে গেলেও মেলেনি সেই কাঙ্ক্ষিত কাজ। উল্টে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তৈরি জলের ট্যাঙ্ক বসানোর পর এখন জমি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে ওই আদিবাসী পরিবারের। অভিযোগ, জমিদাতার পরিবারকে বঞ্চিত করে শাসকদলের ঘনিষ্ঠদের সেখানে কাজে নিযুক্ত করা হয়েছে।
বিচারের আশায় জেলাশাসক থেকে শুরু করে বিডিও এবং জেলা পরিষদ পর্যন্ত সমস্ত দরজায় কড়া নেড়েছেন সাহেব বাস্কে। তাঁর পুত্রবধূ সোনালী হাঁসদা আক্ষেপের সঙ্গে জানান, সরকার তাঁদের মুখের খাবার কেড়ে নিয়েছে, এখন তাঁদের হাতে ভিক্ষার বাটি ধরা ছাড়া আর কোনো উপায় নেই। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমত্যেই মালদহের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, আদিবাসীদের জমি নিয়ে তাঁদের বঞ্চিত করে তৃণমূল কর্মীদের চাকরি দেওয়া হচ্ছে। এই প্রতারণার বিরুদ্ধে আদিবাসী পরিবারকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র আশীষ কুণ্ডু জানান যে বিষয়টি তাঁদের জানা ছিল না, তবে সরকারি আধিকারিকরা অভিযোগটি খতিয়ে দেখবেন। মালদহ জেলা পরিষদের সহ-সভাপতি এটিএম রফিকুল হোসেনও জানিয়েছেন যে অভিযোগ জমা পড়েছে এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

