জম্মু-কাশ্মীরে গভীর রাতে সেনার অভিযান, উধমপুরের জঙ্গলে নিকেশ ২ জঙ্গি – এবেলা

এবেলা ডেস্কঃ
September 17, 202611:02 am
জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় নিরাপত্তাবাহিনীর সাথে তুমুল সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। বুধবার রাতে উধমপুরের একটি দুর্গম জঙ্গলঘেরা এলাকায় গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান শুরু করে ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)।
অভিযান চলাকালীন নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী। বেশ কয়েক দফা গুলির লড়াই ও বিস্ফোরণের পর দুই জঙ্গি নিকেশ হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে সেনার প্যারা (স্পেশাল ফোর্সেস) এবং যৌথ বাহিনী। দুর্গম ও ঘন জঙ্গলে আর কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে এলাকাটিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ব্যাপক চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
