জম্মু-কাশ্মীরে পাকিস্তানি বেলুন উদ্ধার: ঘনীভূত হচ্ছে রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরের গুনারা গ্রামে দুটি রহস্যময় পাকিস্তানি বেলুন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত বেলুন দুটিতে একটি পাকিস্তানি মোবাইল নম্বর এবং একটি বিশেষ স্ক্যানার কোড মুদ্রিত ছিল। তল্লাশি চালিয়ে বেলুনগুলোর সঙ্গে পাকিস্তানি ও মার্কিন মুদ্রার কিছু নোটও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। বেলুন এবং এর সাথে থাকা অন্যান্য সামগ্রী ইতিমধ্যে বাজেয়াপ্ত করে ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে কোনো আন্তঃসীমান্ত নাশকতা বা গোয়েন্দাগিরির যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।
সম্প্রতি উত্তরপ্রদেশের আগ্রা এবং সীমান্ত সংলগ্ন জয়সলমীরেও একই ধরনের সন্দেহভাজন বেলুন ও ড্রোন লক্ষ্য করা গিয়েছিল। এই ধারাবাহিক অনুপ্রবেশের ঘটনায় সীমান্তজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। কোনো বড় ধরণের নাশকতার পরিকল্পনা রুখতে বর্তমানে সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ যৌথভাবে চিরুনি তল্লাশি চালাচ্ছে।

