জলঙ্গিতে এসআইআর আতঙ্ক: ছেলের নোটিস দেখে অসুস্থ হয়ে প্রাণ হারালেন বৃদ্ধা – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোমকল: মুর্শিদাবাদের জলঙ্গিতে এসআইআর (SIR) বা ভোটার তালিকা যাচাইকরণ প্রক্রিয়ার নোটিস ঘিরে ছড়াচ্ছে মৃত্যু-আতঙ্ক। মঙ্গলবার এক ব্যক্তির মৃত্যুর পর এবার আতঙ্কে প্রাণ হারালেন হাসিনা বিবি (৭৬) নামে এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে জলঙ্গির ঘোষপাড়া এলাকায়। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় জলঙ্গিতে এসআইআর সংক্রান্ত আতঙ্কে দু’জনের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে খবর, হাসিনা বিবির ছোট ছেলে ও নাতিদের নামে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছিল। অভিযোগ, সেই নোটিস হাতে পাওয়ার পর থেকেই চরম উদ্বেগের মধ্যে ছিলেন ওই বৃদ্ধা। বুধবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
মৃতের ছেলে সাইদুল ইসলাম জানান, “ভাইদের নামে নোটিস আসার পর থেকেই মা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আমরা বোঝানোর চেষ্টা করলেও তাঁর আতঙ্ক কাটেনি।” এই ঘটনায় নির্বাচন কমিশনের প্রক্রিয়ার দিকে আঙুল তুলে ক্ষোভে ফুঁসছে মৃতার পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, মঙ্গলবারই জলঙ্গির নওদাপাড়ায় আকসার আলি মণ্ডল নামে এক ব্যক্তি একই কারণে মারা গিয়েছেন বলে দাবি পরিবারের। পর পর দু’টি মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় এখন থমথমে পরিস্থিতি।

