জলপাইগুড়িতে বামফ্রন্টে বড় ভাঙন প্রার্থী প্রত্যাহার না করলে একলা চলার হুঁশিয়ারি ফরোয়ার্ড ব্লকের – এবেলা
এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ি বিধানসভা আসনে প্রার্থী দেওয়া নিয়ে বামফ্রন্টের অন্দরে শরিকি বিবাদ চরমে পৌঁছেছে। দীর্ঘদিনের প্রথা ভেঙে সিপিএম একতরফাভাবে দেবরাজ বর্মনকে প্রার্থী করায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছে ফরোয়ার্ড ব্লক। মঙ্গলবার দলীয় বৈঠকের পর ফরোয়ার্ড ব্লক নেতৃত্ব সাফ জানিয়েছে, ১৯৭৭ সাল থেকে এই আসনটি তাদের অনুকূলে থাকলেও এবার সিপিএমের ‘দাদাগিরি’ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ফরোয়ার্ড ব্লকের জেলা সহ-সভাপতি অমল গোস্বামী সিপিএমকে ৭২ ঘণ্টার চরম সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দেবরাজ বর্মনকে প্রত্যাহার করে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা না করলে জেলার সাতটি আসনেই তারা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এমনকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত জেলা বামফ্রন্টের কোনো বৈঠকেও অংশ নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দলটির জেলা সম্পাদকমণ্ডলী।
অন্যদিকে, এই কোন্দল নিয়ে মুখ খুলতে নারাজ সিপিএম জেলা সম্পাদক পীযূষ মিশ্র। তিনি জানিয়েছেন, বামফ্রন্টগতভাবেই প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। তবে ফরোয়ার্ড ব্লকের যুব লিগ ও জেলা নেতৃত্ব পাল্টা প্রশ্ন তুলেছেন, সাংগঠনিক শক্তির কোন মাপকাঠিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত প্রার্থী পদ নিয়ে অনড় অবস্থানে দু-পক্ষই, যার ফলে জলপাইগুড়িতে বাম ঐক্যে বড়সড় ফাটল দেখা দিয়েছে।

