লেটেস্ট নিউজ

জলপাইগুড়িতে স্বেচ্ছামৃত্যুর চেষ্টায় ঘরবন্দি মহিলা উদ্ধার, চাঞ্চল্য শান্তিপাড়ায় – এবেলা

এবেলা ডেস্কঃ

জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। দীর্ঘ কয়েকমাস নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে রাখা ৪৮ বছর বয়সী শান্তা হোম নামের এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ওই মহিলা দীর্ঘদিন ধরে অনাহারে থেকে তিলে তিলে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় মঙ্গলবার সকালে পুলিশ ও স্থানীয় কাউন্সিলারের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় কঙ্কালসার অবস্থায় থাকা শান্তা দেবী জানান, বাবা-মায়ের মৃত্যুর পর তিনি সম্পূর্ণ একাকী হয়ে পড়েছিলেন। কোনো আত্মীয়-স্বজন পাশে না থাকায় এবং চরম মানসিক অবসাদ থেকে তিনি স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে চেয়েছিলেন। স্থানীয়দের ডাকাডাকিতে তিনি ভিতর থেকে আত্মহত্যার হুমকিও দেন। পেশায় গৃহশিক্ষিকা এই অবিবাহিত মহিলা বিগত বেশ কিছু সময় ধরে সমাজ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিয়েছিলেন।

বর্তমানে শান্তা দেবীকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। দীর্ঘদিনের অনাহারে শরীর ভেঙে পড়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক চিকিৎসার পাশাপাশি তাঁর মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য বিশেষ কাউন্সিলিংয়ের ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের ছায়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *