জলা জমি ভরাট করে বাড়ি নির্মাণ, হুমায়ুন কবীরের স্ত্রীকে শোকজ নোটিস প্রশাসনের
মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের স্ত্রী মিতা সুলতানাকে আইনি নোটিস পাঠাল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। মানিক্যহার গ্রামে জলা জমি বা ‘নালা’ ভরাট করে বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৫৫ সালের ডব্লিউবিএলআর আইন অনুযায়ী, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
বিধায়ক হুমায়ুন কবীর স্বীকার করেছেন যে, সরকারি নথিতে ওই জমিটি ‘নালা’ হিসেবেই চিহ্নিত। তবে তাঁর দাবি, বিগত ১৭-১৮ বছর ধরে তাঁরা সেখানে বসবাস করছেন এবং বাম আমল থেকেই জমির চরিত্র বদলের জন্য একাধিকবার আবেদন জানানো হয়েছিল। বুধবার দুপুর পর্যন্ত কোনো সরকারি চিঠি হাতে পাননি বলে দাবি করে তিনি জানান, বিষয়টি নিয়ে আইনি পথেই লড়াই করবেন।
তৃণমূল ত্যাগের পর এই আইনি তৎপরতাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন প্রাক্তন এই তৃণমূল নেতা। অন্যদিকে, জেলা প্রশাসনের আধিকারিকদের মতে, যথাযথ অনুমতি ছাড়া জলাশয়ের চরিত্র পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। একটি গণ-স্বাক্ষরিত অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।

