লেটেস্ট নিউজ

জলের বোতলে ছানা কাটানোর অ্যাসিড! মিষ্টির দোকানে বিষক্রিয়ায় আইসিইউ-তে ব্যবসায়ী – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের জামালপুরে মিষ্টির দোকান থেকে কেনা জলের বোতলে থাকা রাসায়নিক খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জয়জিৎ মহান্ত (৫৬) নামে এক ব্যবসায়ী। সোমবার দুপুরে হালাড়া মোড়ের একটি দোকানে তৃষ্ণা মেটাতে সিলবন্ধ বোতল কিনে বিপাকে পড়েন তিনি। জল ভেবে কয়েক চুমুক খাওয়ার পরই তাঁর মুখ ও প্রস্রাব দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

তদন্তে নেমে পুলিশ দোকানের মালিক প্রণব সরকারকে আটক করেছে। ধৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, ছানা কাটানোর কাজে ব্যবহৃত ‘মিল্ক অ্যান্টিফাঙ্গাস অ্যাসিড’ ভুলবশত জলের বোতলে ভরে রাখা হয়েছিল এবং সেটিই অসাবধানতাবশত বিক্রয় করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ অ্যাসিড ভর্তি আরও একটি বোতল বাজেয়াপ্ত করেছে।

চিকিৎসকদের মতে, জলের মতো দেখতে এই রাসায়নিক অত্যন্ত প্রাণঘাতী। স্থানীয় অসাধু ব্যবসায়ীরা ছানা দীর্ঘক্ষণ তাজা রাখতে এই অ্যাসিড ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। জামালপুর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলেই অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *