লেটেস্ট নিউজ

জাতিসংঘের বিকল্প কি ট্রাম্পের বোর্ড অব পিস? প্রথম বৈঠকেই বিশেষ ভূমিকায় ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে বিশ্বমঞ্চে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। জাতিসংঘকে টেক্কা দিতে পারে এমন এক শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে ‘বোর্ড অব পিস’। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এই সংস্থার প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই ‘অবজারভার’ বা পর্যবেক্ষক দেশ হিসেবে সশরীরে উপস্থিত থেকে কৌতূহল বাড়িয়ে দিয়েছে ভারত।

নেপথ্যে কি জাতিসংঘের বিকল্প হওয়ার ছক

গত মাসে দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চ থেকে এই ‘বোর্ড অব পিস’ গঠনের কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে ইজরায়েল-হামাস সংঘর্ষ থামানো এবং গাজার পুনর্গঠন এর লক্ষ্য হলেও, বর্তমানে এর পরিধি বহুগুণ বেড়ে গেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভবিষ্যতে এটি জাতিসংঘের বিকল্প শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

ভারতের রহস্যময় অবস্থান

আমেরিকার এই নতুন জোটে যোগ দেওয়া নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। গত ১২ ফেব্রুয়ারি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছিলেন, ভারতের কাছে আমন্ত্রণ এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে গতকালের বৈঠকে ভারতীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নামগ্যা সি খাম্পার উপস্থিতি স্পষ্ট করে দিল যে, ভারত এই বোর্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। পূর্ণ সদস্য না হলেও আলোচনার টেবিলে ভারতের উপস্থিতি আন্তর্জাতিক মহলে বড় বার্তা দিয়েছে।

ট্রাম্পের বিশাল অঙ্কের ফান্ড ও সেনার ঘোষণা

ওয়াশিংটনের এই বৈঠকে ট্রাম্প একগুচ্ছ বড় ঘোষণা করেছেন। গাজা পুনর্গঠনের জন্য কাজাখস্তান, কাতার, সৌদি আরবসহ বিভিন্ন দেশ মিলে মোট ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া খোদ আমেরিকা দেবে ১০ বিলিয়ন ডলার। শুধু অর্থই নয়, নিরাপত্তার স্বার্থে মরক্কো, কাজাখস্তান এবং আলবেনিয়া গাজায় হাজার হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মিশর ও জর্ডন এই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেবে।

জাতিসংঘ নিয়ে ট্রাম্পের নরম-গরম সুর

জাতিসংঘকে পাশ কাটিয়ে সমান্তরাল শক্তি তৈরির অভিযোগ উঠলেও ট্রাম্প কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বোর্ড আসলে জাতিসংঘকে আরও শক্তিশালী করতেই সাহায্য করবে। তাঁর কথায়, “জাতিসংঘের সম্ভাবনা আছে কিন্তু তা কাজে লাগানো হয়নি। ভবিষ্যতে বোর্ড অব পিস এবং জাতিসংঘ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।” এমনকি জাতিসংঘের ভবিষ্যৎ রক্ষায় অর্থ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বর্তমানে এই বোর্ডে ২৭টি দেশ পূর্ণ সদস্য হিসেবে রয়েছে, যার মধ্যে ইজরায়েল, ইউএই এবং সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোও শামিল। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলো এখন পর্যবেক্ষক হিসেবে পরিস্থিতি পরখ করে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *