জামাতের সঙ্গে তৃণমূলের তুলনা বিজেপির! বিস্ফোরক অভিযোগে যা বললেন ব্রাত্য বসু
বাংলাদেশে সংসদীয় নির্বাচন চলাকালীন উত্তেজনার আবহে জামাতে ইসলামির সঙ্গে তৃণমূলের তুলনা টেনেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, ওপার বাংলায় তৃণমূলের আদলেই বুথ দখল ও ছাপ্পা ভোট চলছে। বিজেপির এই অভিযোগের কড়া জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিদ্রুপের সুরে বলেন, “এভাবে চলতে থাকলে বিজেপি হয়তো দুদিন পর বলবে ভেনেজুয়েলার মাদুরো অপহরণের পিছনেও তৃণমূলের হাত রয়েছে।”
বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি ক্রমাগত বাংলা ও বাঙালির ভাবাবেগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি জানান, বাংলা বিদ্বেষ থেকেই গেরুয়া শিবির সব ঘটনায় অহেতুক তৃণমূলের যোগসূত্র খোঁজার চেষ্টা করছে।

